শিরোনাম

ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
ট্রাভেল এজেন্সি নিয়ে সরকারের সতর্কবার্তা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সম্প্রতি রাশিয়ায় মানবপাচারের অভিযোগে দেশের একটি ট্রাভেল এজেন্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এরপর নড়েচড়ে বসেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিবন্ধনহীন কিংবা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্লাইটের টিকিট, ট্যুর বা ট্রাভেল প্যাকেজ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

রবিবার (১০ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবপাচারে অভিযুক্ত এজেন্সিটি ‘ড্রিম হোম ট্রাভেলস’। যদিও অভিযুক্ত ট্রাভেল এজেন্সির নাম ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের’ উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাধ্যতামূলক। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধন নেওয়ার পর অনেক ট্রাভেল এজেন্সির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর পরও তারা ব্যবসা পরিচালনা করছে। কিছু কিছু ক্ষেত্রে নিবন্ধন ছাড়াও ব্যবসা পরিচালনা করে গ্রাহকের সাথে বিভিন্ন প্রতারণা ও হয়রানি করছে।

এসব হয়রানি ও প্রতারণা রোধে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ এজেন্সির সঙ্গে আকাশপথে ভ্রমণ কিংবা ট্রাভেল ও ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’সহ যেকোনো ট্রাভেল এজেন্সি নিবন্ধিত কিংবা মেয়াদোত্তীর্ণ কি না, তা ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যাচাই করে নিতে হবে।

/জেএইচ/