শিরোনাম

নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাংলা বইমেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন আয়োজন, অতিথি তালিকা ও সাংস্কৃতিক কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন আয়োজকেরা। তারা আশা প্রকাশ করেন, এবারের মেলা প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।

স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম জানান, এবারের মেলায় ১০ হাজারের বেশি নতুন বই প্রদর্শিত হবে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৫টি খ্যাতনামা প্রকাশনা সংস্থা অংশ নেবে। এর মধ্যে রয়েছে প্রথমা প্রকাশন, কথাপ্রকাশ, বাতিঘর, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন ও মুক্তধারা নিউইয়র্কসহ আরও অনেক প্রকাশনা প্রতিষ্ঠান।

বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন কবি বব হোলম্যান, সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞান লেখক দীপেন ভট্টাচার্য এবং কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা সাহিত্য ও সমাজচিন্তার দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম ও মহাশ্বেতা দেবী–এর জন্মশতবর্ষ উপলক্ষে এবারের মেলায় বিশেষ শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হবে।

মেলার সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন। পাশাপাশি নতুন প্রকাশনা, গবেষণাধর্মী বই, কবিতা, উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও প্রবাসী বাংলা সাহিত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্বোধক ইমদাদুল হক মিলন ও সম্মানিত অতিথি ফরিদুর রেজা সাগর ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন।

/এমআর/