শিরোনাম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের

সিটিজেন ডেস্ক
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার ইতোমধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে এবং এখন অর্থায়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ চলছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সভায় ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

সেতুমন্ত্রী বলেন, গত ঈদে যাত্রাপথে যেসব সমস্যা ও ব্যত্যয় দেখা গিয়েছিল, সেগুলো বিশ্লেষণ করে এবার আরও বেশি সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে দুর্ঘটনা ও ফেরিনির্ভরতা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে শেখ রবিউল আলম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে এবং এ নিয়ে তিনটি সম্ভাব্য প্রস্তাব বিবেচনায় আছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুট অন্যতম।

তিনি আরও বলেন, ‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দিকেই এগোচ্ছি। প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক্-প্রস্তুতির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।’

বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করা পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের ভায়াডাক্টসহ পুরো অবকাঠামোর দৈর্ঘ্য প্রায় ৯ দশমিক ৮৩ কিলোমিটার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকার বেশি। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা হয়।

/এমআর/