শিরোনাম

‘হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে’

চট্টগ্রাম সংবাদদাতা
‘হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে’
কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: বাসস

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

তিনি বলেন, মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

দেশের বর্তমান সংকট প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান চেয়েছিলাম। তবে বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল। গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি প্রধানমন্ত্রীকে চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করুন। তিনি আরও বলেন, ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে নীতি-নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন। দেশের ৭০ শতাংশ মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন অলি আহমদ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশে সারসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। খুনখারাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এসব বিষয়ে সরকারকে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলামসহ আরও অনেকে।

/জেএইচ/