শিরোনাম

‘শরীরে এমনভাবে গুলি করবো, পরিবার গণনাও করতে পারবে না’

চট্টগ্রাম সংবাদদাতা
‘শরীরে এমনভাবে গুলি করবো, পরিবার গণনাও করতে পারবে না’
কোতোয়ালি থানা, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিপ্লব দে পার্থ নামে এক সাংবাদিকদের কাছে ৫০ লাখ টাকা চাঁদার দাবি অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছ। এসব ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগী বিপ্লব দে পার্থ একটি বেসরকারি টিভি চ্যানেলের চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর হুমকিদাতা মোবারক হোসেন ওরফে ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। সে ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, মোবারক হোসেন প্রকাশ ইমন নামে এক ব্যক্তি গত শনিবার (৯ মে) বিকেলে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিপ্লবকে ফোন করেন। তিনি নিজেকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অপারগতার কথা জানালে বিপ্লবকে ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

পরে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি অডিও বার্তায় হুমকিদাতা বলেন, ‘...বোলতার বাসা বানিয়ে ফেলব। পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’

এ বিষয়ে ভুক্তভোগী বিপ্লব দে পার্থ বলেন, ‘সন্ত্রাসী ইমন নিজেকে বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাকে কল করে। সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ২৪ ঘণ্টার মধ্যে টাকা দিয়ে দেওয়ার আলটিমেটাম দেয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়ভীতি দেখিয়ে অডিও বার্তা পাঠায়। বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।’

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘চাঁদা দাবি ও হুমকির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করছি। অভিযুক্ত ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

/এফআর/