শিরোনাম

এক যুগ পর খুলছে তুরস্ক-সিরিয়া সীমান্ত ক্রসিং

সিটিজেন ডেস্ক
এক যুগ পর খুলছে তুরস্ক-সিরিয়া সীমান্ত ক্রসিং
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১২ মে) থেকে পুনরায় উন্মুক্ত হচ্ছে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ আকচাকালে সীমান্ত ক্রসিং। দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় দামেস্কের নেওয়া সবশেষ পদক্ষেপ এটি। সোমবার (১১ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের সানলিউরফা গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ঠিক মাঝখানে অবস্থিত ক্রসিংটি দিয়ে মঙ্গলবার থেকে সাধারণ নাগরিকরা পাসপোর্ট ব্যবহার করে সিরিয়া ও তুরস্কে যাতায়াত করতে পারবেন। মূলত ২০১৪ সালে উত্তর সিরিয়ার তাল আবিয়াদ অঞ্চলটি কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে যাওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে আঙ্কারা এটি বন্ধ করে দেয়। তুরস্ক দীর্ঘদিন ধরে এসডিএফ-কে তাদের দক্ষিণ সীমান্তের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। এর আগে ২০১৯ সালে সামরিক অভিযানের পর বাণিজ্য ও বিশেষ প্রয়োজনে এটি আংশিক খুলে দেওয়া হলেও এখন তা সর্বসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত হচ্ছে।

আকচাকালে ক্রসিংটি পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মধ্যকার ১২টি ক্রসিংয়ের মধ্যে এখন পর্যন্ত মোট ছয়টি সচল হলো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান সখ্যতার ফলেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে তুরস্কের আনতালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে অংশ নিয়েছিলেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। দুই দেশের নতুন এ কূটনৈতিক সমীকরণ পুরো অঞ্চলের জীবনযাত্রা স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

/এমএকে/