শিরোনাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জনপ্রিয় অভিনেতার

বিনোদন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জনপ্রিয় অভিনেতার
তেলুগু অভিনেতা ভারত কান্ত। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উঠতি তেলুগু অভিনেতা ভারত কান্ত এবং সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক। রবিবার (১০ মে) ভোরে হায়দ্রাবাদের আউটার রিং রোডে ঘটে যাওয়া এ ঘটনা বিনোদন অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি করেছে।

স্থানীয় পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) রাতে হায়দ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন তারা। গাড়িটির চালকের আসনে ছিলেন স্বয়ং ভারত। রাত আনুমানিক ৩টার দিকে তারা পেদ্দাম্বারপেট এলাকায় পৌঁছালে শামশাবাদের পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি সামনে থাকা একটি কন্টেনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নম্বর প্লেট ও মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে তাদের পরিচয় শনাক্ত করে। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ভারত ও ত্রিলোক দুজনেই হায়দ্রাবাদের নানাকরামগুড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি এবং অসাবধানতার কারণেই এ বিপর্যয় ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করে বিস্তারিত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এমএকে/