শিরোনাম

হামজাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গ্যারেথ বেলদের সাবেক গুরুই

নিজস্ব প্রতিবেদক
হামজাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গ্যারেথ বেলদের সাবেক গুরুই
ক্রিস কোলম্যান হতে পারেন বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ। কোলাজ: সিটিজেন জার্নাল

কে হবেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ, দেশেরে ফুটবল মহলে এই প্রশ্ন অনেক দিন ধরেই। গত ৩০ এপ্রিল হাভিয়ের কাবরোর সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তির মেয়াদ শেষ হয়। তখন থেকেই নতুন কোচ নিয়োগে তোড়জোড় ‍শুরু করে বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম ১০ মে (রবিবার) চূড়ান্ত করার কথা ছিল তাদের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই দিন আগে এমনটা জানালেও ১০ মে কোচ চূড়ান্ত হয়নি।

গতকাল সন্ধ্যার পর রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে বাফুফের জাতীয় দল কমিটির সভা হয়েছে। সভায় নতুন কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি। তাই জাতীয় দলের নতুন কোচের নাম জানতে আরও অপেক্ষা করতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।

সভায় ছয়জন কোচের নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জাতীয় দল কমিটির এক সূত্র থেকে জানা গেছে। ছয়জন কোচই ইউরোপের। লাতিন আমেরিকার তিনজন আগে তালিকায় থাকলেও চূড়ান্ত বাছাইয়ে তারা বাদ পড়েছেন। সভায় যে ছয়জন কোচ নিয়ে আলোচনা হয়েছে, তাদের সঙ্গে এখন বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কথা হচ্ছে। কেউ কেউ তাদের সহকারীও নিয়ে আসতে চান। সহকারী নিয়ে এলে কত বেতন নেবেন, সেটা নিয়ে তাদের সঙ্গে আরও কথা বলবে বাফুফে।

বিশ্বস্ত সূত্রের খবর, ৬ জনের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানই এগিয়ে আছেন। ম্যানচেস্টার সিটির সাবেক সেন্টার-ব্যাক কোলম্যান ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্যারেথ বেলদের ওয়েলসের কোচ ছিলেন।

বিশ্বস্ত সূত্রের খবর, ৬ জনের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানই এগিয়ে আছেন। ম্যানচেস্টার সিটির সাবেক সেন্টার-ব্যাক কোলম্যান ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্যারেথ বেলদের ওয়েলসের কোচ ছিলেন।

গতকাল (১০ মে) বাফুফের জাতীয় দল কমিটির প্রধান তাবিথ সাংবাদিকদের বলেছেন, ১৫ মে নতুন কোচের নাম জানানো হবে। তবে তাবিথ এটা নিশ্চিত করেছেন যে নতুন কোচের সঙ্গে চুক্তি হবে দুই বছরের। জাতীয় দল কমিটির সভা শেষে তাবিথ বলেন, ‘প্রধান কোচের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি চলমান আছে। আমরা অনেকের সঙ্গেই কথা বলছি। আগে আমরা একটি ডেডলাইন দিয়েছিলাম—১৫ তারিখ আমরা চুক্তির দিকে যাব, কার সঙ্গে আমরা চুক্তি করতে যাচ্ছি সেটা জানিয়ে দেব। আমাদের দিন–তারিখ পেছাবে না, আমরা আমাদের পরিকল্পনামতো এগোচ্ছি।’

তিনি বলেন, ‘ন্যাশনাল টিমস কমিটি পুরো প্রক্রিয়াটির সঙ্গে জড়িত ছিল। আমরা ২৩০টির বেশি সিভি পেয়েছি। সেগুলো শর্ট লিস্ট করে ২৩টিতে এনেছি। সেগুলো বিশ্লেষণ করে ১১ জনকে আমরা অনলাইন সাক্ষাৎকারে ডেকেছিলাম। এই আলোচনা চলমান আছে। ১৫ মে আমরা সেটার সমাপ্তি করব।’

নামীদামি কোচরা পুরো কোচিং স্টাফ নিয়ে আসতে চান। কেউ তেমন প্রস্তাব করলে বাফুফে তা বিবেচনা করছে কি না, এমন প্রশ্নে তাবিথের কথা, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করছি। কেস টু কেস ভিন্ন হচ্ছে। প্রতিটি সম্ভাবনাময় কোচের চাহিদা, তাঁদের আইডিয়া বিবেচনায় রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আগামী ২ বছর বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিতে পারব, সেই লক্ষ্য নিয়ে কাজগুলো করছি।’

কোচের বেতন নিয়েও কথা বলেছেন বাফুফে সভাপতি, ‘আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভেতরে সম্ভাবনাময় কোচের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেলে বিষয়টি সমাধান হয়ে গেল। যদি বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পনসরের সঙ্গে কথা বলার সুযোগ উন্মুক্ত রেখেছি; কিছু ডোনারের সঙ্গে কথা বলছি, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলে রেখেছি।’

/টিই/