শিরোনাম

এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক
এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
বনলতা এক্সপ্রেস সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা বনলতা এক্সপ্রেস এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর তারকাবহুল সিনেমাটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখতে পাবেন দর্শকরা। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ।

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারে লেখা ছিল, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচইতে। পাশাপাশি ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে একটি রহস্যময় প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়, এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচইতে? পোস্টটি অনলাইনে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে নতুন করে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির আগমনকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এবং নির্মাতা তানিম নূরের পরিচালনায় বনলতা এক্সপ্রেস মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে বিপুল সাড়া ফেলে। শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য ও প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র ৪১ দিনেই সিনেমাটি ১২ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে এবং ৫৬তম দিনে এর মোট বক্স অফিস কালেকশন ১৪ কোটি টাকা ছাড়িয়ে যায়।

তারকাখচিত এ সিনেমায় অভিনয় করেছেন দেশের একঝাঁক শীর্ষ অভিনয়শিল্পী। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় তারকাদের। বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ওটিটি মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

/এমএকে/