শিরোনাম

ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
বনলতা সেন সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টির অনুপ্রেরণায় নির্মিত এবং দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র বনলতা সেন অবশেষে বড় পর্দায় আসছে। নানা চড়াই-উতরাই ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর প্রধান অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে ভক্তদের এ সুখবর দেন তিনি। পোস্টারের ক্যাপশনে রহস্যময় এক বার্তা দিয়ে নাবিলা লেখেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে। দীর্ঘদিন আটকে থাকার পর মুক্তির চূড়ান্ত ঘোষণা আসায় উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানান, ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ এবং ভিসা সংক্রান্ত জটিলতায় সিনেমাটির মুক্তি বারবার পিছিয়ে গিয়েছিল। একটি সময় তারা নিজেরাও এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন, তবে সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আসায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে ২০২৪ সালে এবং পরবর্তীতে গত বছরের রোজার ঈদেও বনলতা সেন মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি ও কারিগরি কারণে তখন মুক্তি স্থগিত করা হয়। ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন নাবিলা। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে অভিনেতা খায়রুল বাসারকে। এছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

/এমএকে/