শিরোনাম

নিষিদ্ধের পরও ‘ধুরন্ধর-২’ জ্বরে কাঁপছে পাকিস্তান

বিনোদন ডেস্ক
নিষিদ্ধের পরও ‘ধুরন্ধর-২’ জ্বরে কাঁপছে পাকিস্তান
রণবীর সিং। ছবি: সংগৃহীত

বক্স অফিসের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব শুরু করেছে রণবীর সিং অভিনীত বহুল আলোচিত ভারতীয় স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। বৃহস্পতিবার (১৪ মে) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স পাকিস্তানে সিনেমাটির মুক্তির পর সেখানে দর্শকদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। এমনকি মুক্তির পরপরই অতিরিক্ত দর্শকচাপের কারণে প্ল্যাটফর্মটির সার্ভার সাময়িকভাবে ক্রাশ করেছে বলেও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে দেশটিতে স্ট্রিমিংয়ের শীর্ষ তালিকায় অবস্থান করে নিয়েছে সিনেমাটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, পাকিস্তানে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। রাত ১২টায় মুক্তির মুহূর্ত থেকেই বিপুল সংখ্যক দর্শক এটি দেখার জন্য অপেক্ষা করছিলেন, যার ফলে স্ট্রিমিং সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। করাচির লিয়ারি অঞ্চলের সত্য-মিথ্যার বিতর্ক ছাপিয়ে পাকিস্তানি দর্শকরা মূলত পরিচালক আদিত্য ধরের সিনেমাটির নির্মাণশৈলী ও কারিগরি দক্ষতা দেখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

এর আগে ১৯ মার্চ ভারতসহ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। উল্লেখ্য, পাকিস্তান-বিরোধী থিম এবং সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার অভিযোগে গত বছরের শেষের দিকে সিনেমাটির প্রথম অংশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেই বিতর্ক ও নিষেধাজ্ঞা পেরিয়ে ওটিটির মাধ্যমে সিনেমাটি এখন দেশটির দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

/এমএকে/