শিরোনাম

কেন সিনেমা থেকে দূরে ছিলেন অর্চনা

সিটিজেন ডেস্ক
কেন সিনেমা থেকে দূরে ছিলেন অর্চনা
অভিনেত্রী অর্চনা পুরান সিং। ছবি: ইন্সটাগ্রাম

ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র বিচারকের আসনে বসে প্রাণখোলা হাসির জন্য পরিচিত অভিনেত্রী অর্চনা পুরান সিং। দীর্ঘদিন বড় পর্দায় তাকে দেখা যায়নি যার কারণ এবার নিজেই জানালেন অভিনেত্রী।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘টোস্টার’ এর প্রচারণায় এসে অর্চনা বলেন, টিভি শোর ব্যস্ততার কারণেই অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাকে। তিনি বলেন, কপিল শর্মার শো চলাকালে বছরে প্রায় ১০০টি পর্বের শুটিং করতাম। একবার স্কটল্যান্ডে ২৫ দিনের শুটিংয়ের একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু শোর কারণে যাওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বারবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে নির্মাতারা একসময় তার কাছে আসা বন্ধ করে দেন। “অনেকে ধরে নিয়েছিলেন আমি আর অভিনয়ে আগ্রহী নই।

অর্চনা জানান, বর্তমানে শোটি নেটফ্লিক্সে সিজনভিত্তিকভাবে নির্মিত হওয়ায় হাতে কিছুটা সময় পাচ্ছেন। এতে করে নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে।

তবে এখনো নির্মাতাদের কাছে নিজেকে প্রমাণ করতে পারছেন না বলে আক্ষেপ করেন তিনি। অর্চনার মতে, মানুষ আমাকে শুধু ওই চেয়ারে বসে হাসাহাসি করা একজন হিসেবে দেখে, অভিনেত্রী হিসেবে নয়।

উল্লেখ্য, ১৯৮৭ সালে নাসিরুদ্দিন শাহর বিপরীতে ‘জলওয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান অর্চনা পুরান সিং। পরে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দে দানা দান’ ও ‘বল বচ্চন’ এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৯ সালে তিনি ‘দ্য কপিল শর্মা শো’-তে যোগ দেন।

/এসএ/