শিরোনাম

সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন শ্রুতি হাসান

সিটিজেন জার্নাল
সাংবাদিকদের ওপর মেজাজ হারালেন শ্রুতি হাসান
শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের তারকারা অনেক সময় সাংবাদিকদের করা বিতর্কিত প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন। এবার পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান।

শুটিংয়ের প্রয়োজনে প্রায়ই বিভিন্ন শহরে ভ্রমণ করলেও শ্রুতি হাসান বর্তমানে মুম্বাইয়ে বসবাস করছেন। বিভিন্ন পার্টি ও সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতে পছন্দ করেন অভিনেত্রী। তারকা হওয়া সত্ত্বেও কেউ তাকে অস্বস্তিকরভাবে সম্বোধন করলে তিনি সচরাচর স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া জানান। সম্প্রতি একটি ঘটনা তার সেই দৃঢ় ব্যক্তিত্বকেও আঘাত করেছে। যার ফলে তিনি মেজাজ হারান।

জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তার ছবি তোলার চেষ্টা করেন। এ সময় একজন ফটোগ্রাফার তাকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। আর তাতেই কড়া প্রতিক্রিয়া জানান শ্রুতি। তিনি বলেন— ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বকছেন?’

যদিও দক্ষিণ ভারতে এটি সাধারণত নারীর প্রতি সম্মান বা স্নেহ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তার এই অসন্তোষ প্রকাশের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। যদিও এই সাময়িক বিরক্তির পর শ্রুতি দ্রুত নিজেকে সামলে নেন এবং হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে চলে যান।

সম্প্রতি নিজের ৪০তম জন্মদিন পালন করেছেন অভিনেতা কমল হাসানকন্যা শ্রুতি হাসান। নিজের অভিনয়দক্ষতা দিয়ে দক্ষিণী ও বলিউডে শক্ত অবস্থান করে নেন। বর্তমানে তিনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’-এর সিজন ২-এ অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে নতুন ‘বোন’ হিসেবে দেখা যাবে। এ সিরিজে আরও অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, মিনি মাথুর প্রমুখ।

/জেএইচ/