শিরোনাম

মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা

সিটিজেন ডেস্ক
মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের ঘটনার ঠিক পরেই তেহরান এ পাল্টা আক্রমণ চালালো। তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় মার্কিন যুদ্ধজাহাজটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছিল, ইরানি জাহাজ জব্দ করা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এর কঠোর জবাব দেওয়া হবে। উল্লেখ্য, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও তেহরান, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।

এ যুদ্ধবিরতি চলাকালীন গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা করলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পুনরায় তার প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে না আসে, তবে দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে। তবে গতকাল মার্কিন বাহিনী জাহাজ জব্দ করার পর আলোচনার সেই ক্ষীণ সম্ভাবনাও ফিকে হয়ে গেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় ইরান সরকারের কোনো প্রতিনিধি অংশ নেবেন না।

সূত্র: বিবিসি

/এমএকে/