শিরোনাম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের বাকি আর মাত্র দুইদিন। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। পশ্চিমবঙ্গের তুমুল জনপ্রিয় দল তৃণমূল কংগ্রেসকে কি এবার হারাতে পারবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি– এ প্রশ্নই সবার মনে।

নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। প্রচারণা চলবে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। ভোটারদের কাছে টানতে নিজেদের পক্ষে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে মনের মাধুরী মিশিয়ে এখন নানা তথ্য ছড়িয়ে দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো।

তিনবারের শাসক দল তৃণমূল কংগ্রেস এবারও এগিয়ে আছে। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবারের মুখ্যমন্ত্রী। তৃণমূলের সঙ্গে মূল লড়াইটা হবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)।

এছাড়া কিছু কিছু আসনে হাড্ডাহাড্ডি অবস্থানে থাকতে পারেন পশ্চিমবঙ্গের প্রাচীন দল ন্যাশনাল কংগ্রেস, সিপিআইএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ), আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) মতো দলগুলোর প্রার্থীরাও।

অনেকেই মনে করছেন এবার পরিবর্তনের হাওয়া আসতেও পারে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো কারণে যদি হেরে যায়, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তার জন্য জোরেশোরেই চলছে প্রচারণা।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ২৯৪ আসন নিয়ে বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হয় ১৪৮ আসনে জয়। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট ২৩ এপ্রিল, এরপর ২৯ এপ্রিল। ভোটগণনা শেষে ফল প্রকাশ হবে ৪ মে। এর মধ্যে প্রথম দফায় পশ্চিমবঙ্গের উত্তরের ১৬ জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র বলছে, যে ১৫২টি আসনে প্রথম দফায় নির্বাচনে হতে যাচ্ছে, সেগুলোয় প্রতিবারই নিজেদের জয় ধরে রাখার চেষ্টা করে বিজেপি। এ লক্ষে নানা উপায়ে প্রচারণা চালাচ্ছে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বড় বড় নেতারা।

রবিবার (১৯ এপ্রিল) বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যতম প্রধান সদস্য ও শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিধানসভার নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। প্রচারণাকালে তিনি একটি সাধারণ দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খান। এটি বিজেপির সঙ্গে জনসাধারণের গভীর মেশার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এতে বিজেপির ভোট ব্যাংক বাড়াবে বলেও মনে করছেন অনেকে।

তৃণমূল কংগ্রেসও ভোটারদের আকর্ষণ করতে নানা পথ অবলম্বন করছে। তবে মোদির ওই প্রচারণা নিয়ে ব্যঙ্গ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্য নেতাকর্মীরা।

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার প্রধান প্রতিপক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভবানীপুর আসনের ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল, তবে শুভেন্দু পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটগ্রহণ ২৩ এপ্রিল।

সবশেষ ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের আশাবাদ থাকলেও হেরে যায় বিজেপি। তৃণমূল ২১৫টি আসনে জয়ী হয়। আর বিজেপি ৭৭টি আসনে জিতে বিরোধী দলের ভূমিকা নেয়। সেই অভিজ্ঞতা থেকে এবারের নির্বাচনি কৌশলে তারা অনেক পরিবর্তন এনেছে। তবে মমতার অসাম্প্রদায়িক অবস্থানের কারণে রাজ্যের একটি বিশাল অংশ তাকে বরাবরই সমর্থন করে আসছে। তাই এখন অপেক্ষা আগামী ৪ মে ভোটের ফলাফলের দিকে।

/এফআর/