শিরোনাম

হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইলো বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইলো বাংলাদেশ
হরমুজ প্রণালির পথে ‘বাংলার জয়যাত্রা’। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ পারাপার নিশ্চিত করতে ইরানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। কয়েক দফা চেষ্টা করেও জাহাজটি প্রণালি পার হতে না পারায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক সম্মেলনের ফাঁকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলার জয়যাত্রা জাহাজের নিরাপদ পারাপারে ইরানের সহযোগিতা চান।

মন্ত্রণালয় জানায়, ইরান আগে হরমুজ পারাপারের অনুমতি পাওয়া ছয় দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। তবে অনুমতি মিললেও চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজটির যাত্রা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

সবশেষ বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে রওনা হয়ে হরমুজ প্রণালির কাছাকাছি গিয়েও পার হতে পারেনি বাংলার জয়যাত্রা। ইরানি নৌবাহিনীর অনুমতি না মেলায় পরে জাহাজটি আবার মিনা সাকার বন্দর এলাকায় ফিরে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগও অব্যাহত থাকবে।

এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও বাংলার জয়যাত্রা এবং অপরিশোধিত তেলবাহী বাংলাদেশগামী আরেকটি জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সংযম, সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

/এমআর/