শিরোনাম

উড়োজাহাজ পরিচালনার লাইসেন্স পেলো আকিজ বশির অ্যাভিয়েশন

সিটিজেন ডেস্ক
উড়োজাহাজ পরিচালনার লাইসেন্স পেলো আকিজ বশির অ্যাভিয়েশন
ছবি: সিটিজেন গ্রাফিক্স

অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু হওয়া নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার লাইসেন্স পেয়েছে আকিজ বশির অ্যাভিয়েশন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রবিবার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স প্রদান করেছে।

অভিযোগ উঠেছে, সাবেক বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন নিজের প্রভাব খাটিয়ে এই অনুমোদন আদায় করে নিয়েছেন। বর্তমানে দেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও অ্যাভিয়েশন খাতে তার দাপট এখনো অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বেবিচক সূত্রে জানা যায়, গত বছরের ১১ মার্চ আকিজ বশির অ্যাভিয়েশন লিমিটেডের নামে ট্রেড লাইসেন্স করা হয় এবং একই মাসে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধনের আবেদন করা হয়। এরপর ১৫ এপ্রিল শেখ বশিরউদ্দীনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পাওয়ার পরপরই তিনি নিজের প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য বেবিচকে আবেদন করেন। এমনকি ২৬ আগস্ট তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ পান। মন্ত্রী পদমর্যাদায় থেকে নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থায় এমন আবেদন এবং বিমানের চেয়ারম্যান পদে বসা নিয়ে সে সময় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, লাইসেন্স পেতে বিলম্ব হওয়ায় তৎকালীন এ উপদেষ্টা ক্ষুব্ধ হয়ে বেবিচকের তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি করার জন্য চিঠি দিয়েছিলেন। সে সময় বেবিচকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হলেও তিনি লাইসেন্স প্রদানে ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহলকে জানানো হলেও কোনো সুফল মেলেনি। সরকার পরিবর্তনের পর নতুন সরকারের আমলেও একই কায়দায় চাপ প্রয়োগের ফলে শেষ পর্যন্ত রবিবার বাধ্য হয়ে লাইসেন্সের অনুমোদন দেয় বেবিচক। নতুন এ অ্যাভিয়েশন গ্রুপটি চলতি বছরের মধ্যেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত বছর সমালোচনার মুখে শেখ বশিরউদ্দীন গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি প্রথম কোনো উপদেষ্টা হিসেবে বিমানের চেয়ারম্যান হননি। তার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা এই দায়িত্ব পালন করেছেন। তিনি দাবি করেছিলেন, তার কেবল একটি পাখা-বিহীন হেলিকপ্টার রয়েছে এবং বাণিজ্যিক লাইসেন্সের জন্য ১১ মাস আগে আবেদন করা সত্ত্বেও তিনি তা পাননি। নিজের প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, প্রভাব বিস্তার করলে অনেক আগেই লাইসেন্স পাওয়া যেত। তবে এই লাইসেন্স প্রাপ্তি ও আনুষঙ্গিক বিষয়ে শেখ বশিরউদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এমএকে/