শিরোনাম

বাড়ির নিচে গুদামে মিললো ৩৭ হাজার লিটার ভোজ্যতেল

মাদারীপুর সংবাদদাতা
বাড়ির নিচে গুদামে মিললো ৩৭ হাজার লিটার ভোজ্যতেল
সয়াবিন তেল। ফাইল ছবি (সিটজেন জার্নাল)

মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুতের অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাসভবনের গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮। এ সময় গোডাউন থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করার হয়।

রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারের ওই বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভোজ্যতেল মজুতের খবর পেয়ে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারের সরদার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বাসভবনের নিচতলা থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পরে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও আজ সোমবার দিনের মধ্যেই জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর র‍্যাব-৮ এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিখ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে অবৈধভাবে এসব তেল মজুত করা হয়েছিল। এই অপরাধে অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/জেএইচ/