শিরোনাম

পাকিস্তানে আজই ‘ইরান চুক্তি’ স্বাক্ষরিত হবে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
পাকিস্তানে আজই ‘ইরান চুক্তি’ স্বাক্ষরিত হবে: ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানে ‘আজই’ ইরান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সসহ একটি প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছে।

তবে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা এখনো অনিশ্চিত। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের একটি বাণিজ্যিক জাহাজ আটক করে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই ঘটনার পর তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নৌবন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ নেবে না।

এই অবস্থায় পুরো প্রক্রিয়াটি পাকিস্তান সরকারের জন্য কিছুটা বিব্রতকর হয়ে উঠেছে। কারণ, ইসলামাবাদ দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানকে একই টেবিলে বসাতে কূটনৈতিকভাবে বড় ধরনের উদ্যোগ নিয়েছে এবং এতে উল্লেখযোগ্য বিনিয়োগও করেছে। যদিও আনুষ্ঠানিক অগ্রগতি থমকে আছে, তবুও পর্দার আড়ালে দুই পক্ষকে আলোচনায় ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা।

এ মুহূর্তে নিশ্চিতভাবে জানা যাচ্ছে, মার্কিন প্রতিনিধিদল এখনও পাকিস্তানের পথে রয়েছে। তবে হোয়াইট হাউসের থেকে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচী প্রকাশ করা হয়নি।

এদিকে সম্ভাব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার ফলে রাজধানীর স্বাভাবিক চলাচল অনেকাংশে সীমিত হয়ে পড়েছে।

/এমআর/