শিরোনাম

পাচারের টাকা দিয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

বগুড়া সংবাদদাতা
পাচারের টাকা দিয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী
বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, চেষ্টা করবো–সেই টাকা ফিরিয়ে আনতে। আমরা এই দুর্নীতি রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড করবো, ইনশাআল্লাহ।’

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাইলট কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি আমরা অনেক কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। নির্বাচনে জয়ের পরপরই কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন করা হচ্ছে। দেশের চারকোটি পরিবারের অধিকাংশই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের সময় যে এলাকাতে গেছি, সবাই বলেছে কোনো উন্নয়ন হয়নি। আমাদের আগামী ৫ বছরের যে পরিকল্পনা, তার অধিকাংশই গ্রামের মানুষকে ঘিরে। কারণ দেশের ৭০ ভাগ মানুষ গ্রামে বাস করেন। তাদের ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবো।’

হামের প্রাদুর্ভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাদুর্ভাব প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শিশুদের কথা চিন্তা করা হয়নি। তাদের সময় শিশুদের জন্য বিদেশ থেকে হামের টিকা আনা হয়নি। ফ্যাসিস্টের পতনের পর যে সরকার এলো, তারাও গত দেড় বছরে শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করেননি। টিকা আনা হয়নি। এখন এই অসুখের প্রাদুর্ভাব যখন শুরু হলো, দুর্ভাগ্যক্রমে অনেক শিশুর প্রাণহানি হলো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে দেশের অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে।’

তারেক রহমান দাবি করে বলেন, ‘আর যাতে শিশু প্রাণহানি না ঘটে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে বিদেশ থেকে টিকা এনেছি। দেশের দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হবে। যাতে বাচ্চারা সুস্থ থাকে।’

অনুষ্ঠানে গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় গিয়ে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

/এফআর/