শিরোনাম

বিশ্বের প্রথম ডেলাইট অফসাইড গোল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বের প্রথম ডেলাইট অফসাইড গোল
ফুটবলের প্রথম ডেলাইট অফসাইড গোল। ছবি: সংগৃহীত

ইতিহাস হলো কানাডিয়ান প্রিমিয়ার লিগে। প্রথমবার কোনো পেশাদার ম্যাচে দেখা মিললো ‘ডেলাইট’ অফসাইড গোলের। শনিবার কানাডিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্যাসিফিক এফসি ও হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোল সমতায়।

ম্যাচের ফল ছাপিয়ে আলোচনা হচ্ছে প্যাসিফিকের ফরোয়ার্ড আলেহান্দ্রো দিয়াসকে নিয়ে। ২০তম মিনিটে তার করা গোলটি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) প্রচলিত নিয়মে অফসাইডে বাতিল হতো। কিন্তু সিপিএলে ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষামূলক ‘ডেলাইট’ অফসাইড নিয়মে এটা বৈধ।

প্রচলিত অফসাইড নিয়ম অনুযায়ী, কোনো আক্রমণকারী খেলোয়াড়ের শরীরের যেকোনো অংশ মাথা, বুক বা পা দ্বিতীয় সর্বশেষ রক্ষণকারীর চেয়ে এগিয়ে থাকলেই তিনি অফসাইড। কিন্তু নতুন ডেলাইট নিয়মে আক্রমণকারীর পুরো শরীর সম্পূর্ণভাবে রক্ষণকারীর সামনে না গেলে তাকে অফসাইড দেওয়া যাবে না।

এই পরীক্ষার লক্ষ্য হলো আক্রমণের গতি বাড়ানো। সিপিএলই বিশ্বের প্রথম পেশাদার লিগ যেখানে এই বিকল্প অফসাইড নিয়মের আনুষ্ঠানিক পরীক্ষা চলছে।

পরীক্ষার ফলাফল আইএফএবিতে পেশ করা হবে। সফল হলে ২০২৭-২৮ মৌসুম থেকে ইউরোপসহ বিশ্ব ফুটবলে এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।

/টিই/