শিরোনাম

তেলের বাড়তি দাম আজ থেকে কার্যকর, কোনটা কত বাড়লো

সিটিজেন ডেস্ক
তেলের বাড়তি দাম আজ থেকে কার্যকর, কোনটা কত বাড়লো
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ চলতি মাসের শুরুতেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মূলত চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র অস্থিরতা ও ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল না পাওয়ার সংকটে সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ ভোক্তারা এ বাড়তি ব্যয়ের চাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

/এমএকে/