শিরোনাম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

সিটিজেন ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকার কর্তৃক সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এ মূল্যবৃদ্ধিকে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর এক বিশাল আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।

শনিবার রাতে সরকারের মূল্যবৃদ্ধির ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমতির দিকে, ঠিক সেই মুহূর্তে দেশে সমন্বয়ের নামে তেলের দাম বাড়ানোর এ ঘোষণাটি অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয়ভার মেটাতে গিয়ে হাঁসফাঁস করছে, তার ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং এটি জনগণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শনিবার রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং পেট্রল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ১০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে ভোক্তা পর্যায়ে এ নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে এক থেকে দুই টাকার মধ্যে দাম সীমিত পরিসরে সমন্বয় করা হলেও এবার তুলনামূলক বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে।

/এমএকে/