শিরোনাম

এনসিটি নিয়ে চুঙ্গির বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এনসিটি নিয়ে চুঙ্গির বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে: নৌমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার।

শনিবার (১৯ এপ্রিল) নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের চার দিন আগে ৮ ফেব্রুয়ারি শ্রমিকদের আন্দোলনের মুখে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত থেকে সরে আসে। বিষয়টি নিয়ে তখন ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল।

এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি।

এই পরিস্থিতিতে নতুন সরকারের নৌমন্ত্রী গতকাল চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসলে স্থানীয় সাংবাদিকতে তার কাছে প্রশ্ন ছিল সাবেক অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি চুক্তির যে প্রক্রিয়া চলছিল সেটার বিষয়ে এখন সরকারের কী অবস্থান নিয়েছে।

সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘ বিষয়টি যে অবস্থায় ছিল, সেই অবস্থায় এখনো আছে। আমরা এটার বিভিন্ন দিক বিশ্লেষণ করছি।’

চট্টগ্রাম অঞ্চলে চলমান বড় প্রকল্প পরিদর্শনে এসেছেন উল্লেখ করে নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বন্দর ব্যবস্থাপনা ভালোভাবে চলছে। তবে আরও কিছু চ্যালেঞ্জ আছে। বন্দরকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ‘প্রি-সী রেটিং’ কোর্সের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী প্যারেডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

/বিবি/