ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পৃক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়ে কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান শহরে পরিচালিত অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, অভিযানে একাধিক গুপ্তচর সেল ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
তবে এই অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ নিয়ে এখনো যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা যুক্তরাজ্যর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের অভিযোগ ও অভিযান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা