শিরোনাম

আইপিএলে ইতিহাস চেন্নাইয়ের, মুম্বাইয়ের বিশ্ব রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আইপিএলে ইতিহাস চেন্নাইয়ের, মুম্বাইয়ের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এক অনন্য কীর্তি গড়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার (২ মে) ঘরের মাঠে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কার্তিক শর্মার অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে বড় জয় তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে ২০টি ম্যাচ জেতার রেকর্ড এখন চেন্নাইয়ের দখলে।

১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে রুতুরাজ ৬৭ ও কার্তিক ৫৪ রানে অপরাজিত থেকে মাত্র ১৮.১ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। দুই দলের ৪১তম লড়াইয়ে এটি চেন্নাইয়ের ২০তম জয় হলেও, মুখোমুখি পরিসংখ্যানে এখনো ২১টি জয় নিয়ে কিছুটা এগিয়ে আছে মুম্বাই। তবে চলতি আসরে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে দুই দেখাতেই শেষ হাসি হাসল চেন্নাই। পরাজয়ের গ্লানি থাকলেও এ ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ৫০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে বিশ্ব রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তালিকায় ৪৮,২৪৪ রান নিয়ে তাদের পেছনে রয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেট।

পরিসংখ্যান বলছে, মুম্বাইয়ের বিপক্ষে জয়ের দিক থেকে চেন্নাইয়ের পরেই রয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস, যাদের প্রত্যেকের জয় ১৭টি করে। বর্তমানে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে, অন্যদিকে সপ্তম হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ধুঁকছে মুম্বাই।

/এমএকে/