শিরোনাম

লেবাননে লুটপাটের অভিযোগ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে

সিটিজেন ডেস্ক
লেবাননে লুটপাটের অভিযোগ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের পুরাতন শহরের বাজারে টহলরত ইসরায়েলি সৈন্যরা। ছবি: আল জাজিরা

দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লুটপাটের একাধিক অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের সতর্কবার্তা থাকা সত্ত্বেও এসব ঘটনা নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনী হিমশিম খাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এক রিজার্ভ সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি একাধিক লুটপাটের ঘটনা প্রত্যক্ষ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সৈনিক বলেন, সীমান্ত এলাকায় বিভিন্ন রিজার্ভ ইউনিট অস্ত্র, স্মারক, গয়না, কম্বল ও ছবি—এমনকি ব্যক্তিগত ব্যবহারের নানা সামগ্রী নিয়ে গেছে বলে দেখা গেছে।

আরেকটি ঘটনায় একজন কমান্ডারকে সৈন্যদের লুট করা সামগ্রী ইসরায়েলে নিয়ে যেতে বাধা দিতে দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, লেবাননের বিভিন্ন বাড়ি ও দোকানপাট থেকে মালামাল লুট করার অভিযোগ রয়েছে, বিশেষ করে যেসব এলাকা যুদ্ধের কারণে ফাঁকা হয়ে গিয়েছিল। একই ধরনের অভিযোগ গাজা যুদ্ধকালেও সামনে এসেছিল বলে প্রতিবেদনে বলা হয়।

এক সপ্তাহ আগে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির সৈন্যদের উদ্দেশে লুটপাট নিয়ে কঠোর সতর্কবার্তা দেন এবং এমন আচরণকে শৃঙ্খলা ও নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

এই অভিযোগগুলোকে ঘিরে দক্ষিণ লেবাননে চলমান সামরিক পরিস্থিতি এবং সেনাদের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/