ইসরায়েলে ২ দিনের রিমান্ডে গাজা ফ্লোটিলার ২ সদস্য

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ২ দিনের রিমান্ডে গাজা ফ্লোটিলার ২ সদস্য

গাজাগামী মানবিক সহায়তা বহরের (ফ্লোটিলা) একটি আটক জাহাজ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া দুই বিদেশি কর্মীর রিমান্ড আরও দুই দিনের জন্য বাড়ানোর অনুমতি দিয়েছে দেশটির আদালত।

রবিবার (২ মে) মানবাধিকার সংগঠন আদালার আন্তর্জাতিক অ্যাডভোকেসি সমন্বয়কারী মিরিয়াম আজেম গণমাধ্যমকে জানান, আদালত তাদের রিমান্ড দুই দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মূলত চার দিন বাড়ানোর আবেদন করেছিল।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আজেম উল্লেখ করেন, আদালত আংশিকভাবে সেই আবেদন মঞ্জুর করেছে।

গাজার ওপর দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙা এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ৫০টিরও বেশি জাহাজের একটি বহর ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করে।

গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গ্রিসের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বহরটির নৌযানগুলো আটক করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মোট ১৭৫ জন আন্দোলনকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/