শিরোনাম

ইরানের প্রস্তাব নিয়ে নতুন তথ্য

সিটিজেন ডেস্ক
ইরানের প্রস্তাব নিয়ে নতুন তথ্য
ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে জমা দেওয়া ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। এ বিষয়ে বিভিন্ন সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, পরিকল্পনাটি মূলত তিন ধাপে বিভক্ত এবং এর লক্ষ্য ৩০ দিনের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়া।

সূত্রগুলো বলছে, এই প্রস্তাবের অন্যতম মূল ভিত্তি হলো পারস্পরিক অনাক্রমণের অঙ্গীকার, যেখানে ইসরায়েলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভবিষ্যতে নতুন করে কোনো সামরিক সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

পরিকল্পনার প্রথম ধাপে ধীরে ধীরে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যায়ে সমুদ্রপথে স্থাপিত মাইন অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইরান নিজেই গ্রহণ করবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে এটি একটি সম্ভাব্য আলোচনার ভিত্তি তৈরি করতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

সূত্র: আল জাজিরা

/এমআর/