শিরোনাম

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

জবি প্রতিনিধি
জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে।

আজ রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটে নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হয়। এবারই প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শিক্ষার্থী সহায়িকাও বিতরণ করা হয়।

নবীনদের নিয়ে দিনব্যাপী আয়োজিত নানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বিভিন্ন বিভাগে আয়োজিত ওরিয়েন্টেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের পদার্পণ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়। নতুন করে ২৮৭২ জন শিক্ষার্থীর সংযোজনে জবি পরিবার আরও সমৃদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো শিক্ষার্থী যেন সিনিয়রদের দ্বারা হেনস্তা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদ ও অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। এ জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর।

/এমআর/