শিরোনাম

ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পরমাণু ও হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১২ মে) কয়েকটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের চেয়ে এ মুহূর্তে হামলার ব্যাপারে তাকে সিরিয়াস মনে হচ্ছে।

তাদের মতে, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প সন্তুষ্ট নন। অপরদিকে প্রায় দশ সপ্তাহ হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। ট্রাম্প মনে করছেন, ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে তেহরান যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে সত্যিই তারা আলোচনা চায় কি না।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর জন্য বলছেন বলে জানিয়েছে সূত্রগুলো। তাদের মতে, হামলা হলে ইরান আরও দুর্বল হবে। এজন্য তারা আলোচনার টেবিলে বসবে। তবে আরেক পক্ষ কূটনীতিকে আরও সময় দেওয়ার কথা বলছেন।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, ট্রাম্প যে খুশি নন সেই বার্তা পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে কি না এ নিয়ে তারা সন্দিহান।

কূটনীতিকরা আরও মনে করছেন, যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরান যা বলে তার মধ্যে ইতিবাচক দিকগুলোই মার্কিনিদের কাছে বলা হয়। অর্থাৎ তারা ইতিবাচকভাবে সবকিছু তুলে ধরছে। যার সঙ্গে বাস্তবতার মিল নেই।

তবে মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, বর্তমান আলোচনা নিয়ে যে ট্রাম্প সন্তুষ্ট নন, সেটি ইরানকে জানিয়েছে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা সতর্কতা দিয়েছেন, এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এসবে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা।

সূত্র: সিএনএন

/জেএইচ/