শিরোনাম

ডিএনডি লেকে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
ডিএনডি লেকে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ।

এর আগে, সোমবার দুপুরে পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুসংলগ্ন এলাকায় গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

নিহতরা হলেন– মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে মনিরুল এবং পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে শুভ।

মনিরুল পরিবারসহ নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের ভূঁইয়াপাড়া এলাকায় আর শুভ পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকত। তারা দুই জনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই মাসুম বিল্লাহ বলেন, লেকে গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভর কোনো খোঁজ মিলছিল না। রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দুই কিশোরের হদিস পায়নি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআর/