শিরোনাম

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

সিটিজেন ডেস্ক
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

বিশ্বের দূষিত শহরের তালিকায় টানা দুইদিন শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান ছিল ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও চীনের উহান শহর। এ দুই শহরের বায়ুর মান যথাক্রমে ১৬৫ ও ১৫৮।

সোমবার (১১ মে) সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। পরপর দুইদিন রাজধানীতে বৃষ্টি হলেও কমেনি বায়ুদূষণ। সাধারণত বৃষ্টির পর ঢাকার বাতাসের মান উন্নত হলেও এবার তেমন পরিবর্তন দেখা যায়নি।

ঢাকার সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আগারগাঁও। এ এলাকার বায়ুমান ছিল ২৭৩। এরপর রয়েছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (২৪১) ও পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৩১)।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত এপ্রিলের পর থেকে ঢাকার বাতাসের মান উন্নত হতে শুরু করে এবং বৃষ্টির কারণে দূষণ দ্রুত কমে যায়। তবে মে মাসের মাঝামাঝি সময়েও বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় উদ্বেগ বাড়ছে।

বায়ুদূষণ থেকে সুরক্ষায় আইকিউএয়ার নগরবাসীকে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাইরে ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

/এফসি/