শিরোনাম

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ

‘ইরানি বাহিনীর সাহসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় নিশ্চিত’

সিটিজেন ডেস্ক
‘ইরানি বাহিনীর সাহসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় নিশ্চিত’
রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং সমন্বয়কারী উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনীর অদম্য বীরত্ব এবং জনগণের দৃঢ় সমর্থনের মুখে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত হবে। বৃহস্পতিবার (১৪ মে) ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (সিএও) পরিদর্শন এবং সংস্থাটির প্রধান আবুজার কোরবান শিরুদির সাথে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। সাইয়ারি আরও বলেন, আমেরিকার এ পরাজয় বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আলোচনাকালে রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি ডেনা ডেস্ট্রয়ারের শহিদদের মরদেহ স্বদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সিএও-এর নিরলস প্রচেষ্টার গভীর প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, শহিদদের শেষ বিদায়ে দেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জাতি তাদের বীর সন্তানদের ত্যাগের প্রতি কতটা কৃতজ্ঞ।

ভূমধ্যসাগরে ইরানি সেনাবাহিনীর কৌশলগত উপস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির দিকনির্দেশনায় সব নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা সত্ত্বেও এ নৌ-অভিযান বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বাব আল-মান্দেব ও লোহিত সাগর অতিক্রমের সময় শত্রুদের মাঝে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এ অঞ্চলের দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ক।

সাইয়ারি আরও বলেন, আমেরিকা অতীতে ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় গুপ্তহত্যা, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে পারলেও ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যে বর্বরোচিত আগ্রাসন শুরু করেছিল, যার ফলে তৎকালীন সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে ৪০ দিনে ১০০টি ধাপে দখলদার ইসরায়েলি ভূখণ্ড ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। জনগণের অভাবনীয় ধৈর্য ও সামাজিক স্থিতিস্থাপকতার প্রশংসা করে তিনি বলেন, জাতীয় সংহতি ও ঐক্য বজায় রাখা এবং জনগণের কল্যাণে কাজ করা বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের প্রধান কর্তব্য।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/