শিরোনাম

ওমানে বাংলাদেশি ৪ ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ওমানে বাংলাদেশি ৪ ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
নিহত চার সহোদর। ছবি: সংগৃহীত

ওমানে একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশি আপন চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) দেশটির মুয়ালাদ্দাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ বা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহতরা হলো– রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা আবদুল মজিদের ছেলে চার ছেলে মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চারজনই ওমানে কর্মরত ছিলেন। ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, এমন ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

নিহতের পরিবারের সদস্যদের জানান, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। এছাড়া দেশে থাকা তাদের আরেক ভাইয়ের সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে। তার বিয়ের কেনাকাটা করতেই ওমানে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

জানা গেছে, কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গত ১২ মে রাতে মুয়ালাদ্দাহ এলাকায় দুর্ঘটনার শিকার হন ওই চার সহোদর। বুধবার সকাল ৮টার দিকে ওমানের স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে ওই চার বাংলাদেশির মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ওমান প্রবাসী চার ভাইয়ের মৃত্যু খবরটি আমরা জেনেছি। পুলিশের একটি টিমকে নিহতদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে।

/এফআর/