শিরোনাম

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

সিটিজেন ডেস্ক
নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের
ছবি: সংগৃহীত

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত করতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪ এর সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক শক্তির নতুন মাইলফলক অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানি সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের সরাসরি তত্ত্বাবধানে এ পরীক্ষাটি চালানো হয়, যার মূল লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রটির কারিগরি উপ-প্রক্রিয়াগুলো যাচাই করা এবং রণক্ষেত্রে সেনাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা। আগের সংস্করণের তুলনায় এ ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সক্ষমতা আরও উন্নত করা হয়েছে।

আইএসপিআর-এর বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রটি সর্বাধুনিক এভিওনিক্স এবং উচ্চপ্রযুক্তির নেভিগেশনাল সিস্টেমে সজ্জিত। এর ফলে এটি অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এ সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরির পেছনে থাকা বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিরলস পরিশ্রম এবং অনন্য কারিগরি দক্ষতার উচ্চসিত প্রশংসা করেন।

প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সাফল্য সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক। দুই সপ্তাহ আগে ২৮ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। সে সময় স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী তাদের জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর এর সফল পরীক্ষা সম্পন্ন করে। সমুদ্রসীমায় অনেক দূর থেকে শত্রুপক্ষকে শনাক্ত ও প্রতিহত করার ক্ষেত্রে তৈমুর ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে বলে মনে করছে দেশটির সামরিক কমান্ড।

সূত্র: জিও নিউজ

/এমএকে/