শিরোনাম

পশুর হাটের টেন্ডার নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ

কেরানীগঞ্জ সংবাদদাতা
পশুর হাটের টেন্ডার নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ
ভোলা-৩ আসনের লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে (ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স)

রাজধানীর কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও ঢাকা জেলার আহ্বায়ক শেখ ফয়সাল বলেন, গত বছর তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটি হাটের ইজারা পেয়েছিলেন এনসিপির সমর্থকেরা। এবারও এনসিপির পক্ষ থেকে টেন্ডার নেওয়ার জন্য সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলায় অবস্থান করছিলেন। তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকেরা মোবাইল চুরির গুজব ছড়িয়ে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালায়।

তিনি বলেন, মূলত এনসিপির সদস্যদের উপজেলা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ছাত্রদল পরিচয়ধারী ইসরাফিল ও রাকিব প্রথমে হামলা শুরু করেন। পরে বিএনপির লোকজন আমাদের ধাওয়া দিলে আমরা উপজেলা প্রাঙ্গণ ত্যাগ করি।

এদিকে, তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো ঘটনাস্থল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে। পরে আমি মোবাইল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যাই।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, হট্টগোলের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/