শিরোনাম

এআই ক্যামেরায় এ পর্যন্ত যত মামলা হলো

বিশেষ প্রতিনিধি
এআই ক্যামেরায় এ পর্যন্ত যত মামলা হলো
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত দুই সপ্তাহের ব্যবধানে চার শতাধিক যানবাহনের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) ক্যামেরার সহায়তায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এনএম নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ইতোমধ্যে ১২০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রতিদিন অসংখ্য ট্রাফিক আইন লঙ্ঘনের চিত্র ধরা পড়ছে এবং ডিএমপির একটি বিশেষ পর্যবেক্ষক দল সেসব তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে মামলার প্রক্রিয়া সম্পন্ন করছে। ২৯ এপ্রিল এ স্বয়ংক্রিয় কার্যক্রম উদ্বোধনের পর থেকে বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত রাজধানীতে চারশোরও বেশি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো এ প্রযুক্তির আওতায় থাকলেও পর্যায়ক্রমে পুরো শহরজুড়ে এআই ক্যামেরা স্থাপন করা হবে। ভবিষ্যতে ঢাকার সম্পূর্ণ ট্রাফিক ব্যবস্থা এ আধুনিক প্রযুক্তির সহায়তায় নিয়ন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে পুলিশের। উল্লেখ্য, ২৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে এআই বেইজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত শনাক্ত করতে এ প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

/এমএকে/