শিরোনাম

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী, আরও চাপে স্টারমার

সিটিজেন ডেস্ক
পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী, আরও চাপে স্টারমার
ওয়েস স্ট্রিটিং। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার সরকারের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। ক্ষমতায় আসার মাত্র ২ বছরের মাথায় প্রভাবশালী এ মন্ত্রীর প্রস্থান স্টারমার প্রশাসনকে এক গভীর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে, যা বর্তমানে তার প্রধানমন্ত্রিত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকেই স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল, যা স্ট্রিটিংয়ের এ সিদ্ধান্তের মাধ্যমে নতুন মাত্রা পেল।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ওয়েস স্ট্রিটিং জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। তিনি উল্লেখ করেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে সাম্প্রতিক নির্বাচনে দলের ভরাডুবির পেছনে লেবার পার্টির জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যাওয়া একটি বড় এবং অভিন্ন কারণ হিসেবে কাজ করেছে। স্ট্রিটিং তার বিবৃতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, এখন এটি পরিষ্কার যে স্টারমার আগামী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন।

বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লেবার পার্টির এমপি এবং শ্রমিক ইউনিয়নগুলো এখন কোনো ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা দলের ভবিষ্যৎ নিয়ে একটি আদর্শিক ও চিন্তার লড়াই দেখতে চায়। নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে স্ট্রিটিং জানান, এ মুহূর্তে একটি বিস্তৃত ও শক্তিশালী প্রার্থীর তালিকা থাকা জরুরি এবং তিনি সে প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন করেন। যদিও স্ট্রিটিং নিজে সরাসরি এখনো নেতৃত্ব দখলের চ্যালেঞ্জ ঘোষণা করেননি, তবে তার পদত্যাগ এবং সরাসরি সমালোচনা কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। স্টারমার সরকার এখন অভ্যন্তরীণ বিদ্রোহ এবং জনসমর্থন হারানোর দ্বিমুখী সংকটে জর্জরিত।

সূত্র: আল জাজিরা

/এমএকে/