শিরোনাম

৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা অনুযায়ী শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত রণক্ষেত্রে সব ধরনের সংঘাত বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কিয়েভ ও মস্কো উভয় পক্ষই।

শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধের ইতি টানার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টার ফলে এ সমঝোতা সম্ভব হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক ফোনালাপে বিজয় দিবসের মর্যাদা রক্ষায় এ বিরতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। একই সময়ে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গেও নিবিড় যোগাযোগ রক্ষা করেন।

এ যুদ্ধবিরতির আওতায় মানবিক পদক্ষেপ হিসেবে উভয় দেশ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা জেলেনস্কি ও ট্রাম্প উভয়েই নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সময় থেকেই ট্রাম্প এ যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা এবং বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চরম উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এল। মস্কো এ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করলেও কিয়েভ নিজের ভূখণ্ড ছেড়ে দিতে নারাজ।

তবে সংঘাতের এ কঠিন বাস্তবতার মধ্যেই শান্তি আলোচনা চালিয়ে যেতে ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বর্তমানে মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এ তিন দিনের সাময়িক শান্তি ভবিষ্যতে একটি স্থায়ী এবং সম্মানজনক যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/