শিরোনাম

বিশ্ব মা দিবস আজ

সিটিজেন ডেস্ক
বিশ্ব মা দিবস আজ
প্রতীকী ছবি

পৃথিবীর সবচেয়ে ছোট ও মধুর শব্দ ‘মা’। এই একটি শব্দে লুকানো থাকে গভীর স্নেহ, মায়া-মমতা ও ভালোবাসা। শৈশবে বেড়ে ওঠা থেকে শুরু করে আমৃত্যু প্রতিটি আনন্দ-বেদনায়, প্রতিটি অনুভূতিতে, আবেগে জড়িয়ে থাকে মায়ের পরশ। আর এই মাকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মা দিবস।

যদিও মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে আলাদা দিনক্ষণের প্রয়োজন হয় না। তবুও যে সন্তানকে ১০ মাস গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখান, তাকে ভালোবাসা জানাতে বিশেষ এই দিবসটি পালন করা হয়।

কীভাবে এলো মা দিবস

ধারণা করা হয় প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবস পালন করা হতো। তবে এ সম্পর্কে বিস্তারিত তেমন তথ্য পাওয়া যায় না।

মধ্যযুগে একটি চর্চা চালু হয়েছিল, যারা কাজের জন্য পরিবার ছেড়ে বাইরে যান, তারা নির্দিষ্ট একটি দিনে আবার ফেরত আসবেন। মায়ের কাছে, অথবা যে চার্চে বেড়ে উঠেছেন সেখানে। এই দিনটি হবে খ্রিস্টান ধর্মের লেন্টের চতুর্থ রবিবার।

সেসময় ১০ বছর বয়সে কাজের জন্য বাইরে যাওয়া ছিলো স্বাভাবিক ঘটনা। এভাবে তাৎকালীন ব্রিটেনে এটা হয়ে ওঠে মায়ের রবিবার। তবে লেন্টের তারিখ পরিবর্তন হওয়ায় রবিবার নির্দিষ্ট ছিলো না।

আধুনিক যুগে মা দিবসের সূচনা করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নারী আনা জারভিস। ১৯০৫ সালের ৯ মে (রবিবার) তার মা মারা যান। ১৯০৭ সালের ১২ মে তার মা মিজ জারভিসের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেন আনা। ১২ মে বেছে নেন কারণ ওটাই ছিল তার মা মারা যাওয়ার সবচেয়ে কাছাকাছি রবিবার। তার মা যে চার্চে যেতেন সেখানেই আয়োজন করেন এই সভা।

এর ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যে মা দিবস পালনের চল শুরু হয়। এরপর ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। এরপর থেকে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

/জেএইচ/