শিরোনাম

ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। ছবি: সংবাদদাতা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক। সরকার কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে জেলার নাসিরনগর উপজেলার মেদির হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এরকম পচলে আমিও বুঝতাম কত কষ্ট। ধানগুলো এই পর্যায় নিয়ে আসতে বহুত কষ্ট। সুতরাং এই সরকারের মূলনীতি ও সিদ্ধান্ত হলো, কৃষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

ভেজা ধান সরকারি গুদামে সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা রয়েছে।

কিশোরগঞ্জের অল ওয়েদার রোড প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়কটির কারণে পানি প্রবাহে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কি-না তা তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কোথাও সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

/এসআর/