শিরোনাম

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ ও দুর্বল: এরদোয়ান

সিটিজেন ডেস্ক
তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ ও দুর্বল: এরদোয়ান
তুরস্করর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

ইউরোপ মহাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের গুরুত্বারোপ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঙ্কারাকে যথাযথ মর্যাদা না দিলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক সংকট মোকাবিলায় অসম্পূর্ণ, অকার্যকর ও দুর্বল থেকে যাবে।

ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি উল্লেখ করেন, ইউরোপীয় একীকরণের ভিত্তি হিসেবে পরিচিত ‘শুমান ঘোষণাপত্র’ মূলত শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। শনিবার (৯ মে) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর ও সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোশ্যালে প্রকাশিত বার্তায় এরদোয়ান জানান, ৭৬ বছর আগে যে নীতিগুলোর ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সেগুলো চরম হুমকির মুখে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ইইউ-এর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং ঐক্যবদ্ধ নীতি গ্রহণ করা অনিবার্য করে তুলেছে, যেখানে প্রার্থী দেশ হিসেবে তুরস্ক একটি অপরিহার্য অংশ। আঙ্কারা পারস্পরিক দায়বদ্ধতা এবং পূর্ণ সদস্যপদ লাভের লক্ষ্য নিয়ে ‘উভয় পক্ষের জয়’ (উইন-উইন) নীতিতে ইইউ-এর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এক্ষেত্রে তিনি জোটের পক্ষ থেকেও সমান আন্তরিকতা ও সদিচ্ছা প্রত্যাশা করেন।

এরদোয়ান উল্লেখ করেন, তুরস্কের প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তা তুরস্কের নিজস্ব চাহিদার চেয়েও অনেক বেশি এবং ভবিষ্যতে এ নির্ভরতা আরও বাড়বে। পরিশেষে, তিনি ইউরোপ দিবস উপলক্ষে ইউরোপীয় জনগণ ও তুরস্কের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে এই অঞ্চলজুড়ে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/