শিরোনাম

ফুটবল বিশ্বকাপে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বকাপে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি
নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা, যার মাত্রা আরও বাড়িয়ে দিতে প্রস্তুত উত্তর আমেরিকার তিন আয়োজক দেশ। এবার শুধু ফুটবল নয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার শিল্প-সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখতে পাবে বিশ্ববাসী।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দেশেই আলাদা করে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার এবং নোরা ফাতেহির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই মহাযজ্ঞের।

উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ান সুপারস্টার জে বলভিন, গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ়ের সুরের মূর্ছনায় মাতবে ফুটবল ভক্তরা। মেক্সিকান পপ তারকা বেলিন্দা ও লিলা ডাউন্সকেও আনার জোর প্রচেষ্টা চলছে, পাশাপাশি দক্ষিণ আফ্রিকার টাইলা ও লস অ্যাঞ্জেলেস আজ়ুলেসের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেবে। ১২ জুন টরন্টোতে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে মঞ্চ মাতাবেন আলানিস মোরিসেটে, মাইকেল বাবল, আলেসিয়া সারা ও নোরা ফতেহির মতো তারকারা।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্যারাগুয়ে, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকবেন পপ আইকন কেটি পেরি। তার সঙ্গে মঞ্চ শেয়ার করবেন র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা, ব্রাজিলীয় তারকা আনিতা, রেমা ও টাইলা। ফুটবল আর সংস্কৃতির এই মহামিলন যেন পুরো বিশ্ব একযোগে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের বিশ্বমঞ্চ।

/এমএকে/