শিরোনাম

মধ্যপ্রাচ্যে পুনরায় মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে পুনরায় মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ
ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে পুনরায় মধ্যপ্রাচ্যে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। সম্ভাব্য বহুজাতিক সামুদ্রিক মিশনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ভবিষ্যতে যে কোনো বহুজাতিক নিরাপত্তা অভিযানে যোগদানের লক্ষ্যেই যুদ্ধজাহাজটি মোতায়েন করা হবে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, পরিস্থিতি অনুকূলে এলে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের সুযোগ করে দিতে সম্ভাব্য বহুজাতিক মিশনের পূর্বপ্রস্তুতি হিসেবে এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।’

তিনি আরও জানান, এই মোতায়েন একটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। এর মাধ্যমে যুক্তরাজ্য নিশ্চিত করতে চাইছে যে, পরিস্থিতি আরও জটিল হলে ফ্রান্সের সঙ্গে যৌথ নেতৃত্বে গঠিত সম্ভাব্য আন্তর্জাতিক জোটে সক্রিয়ভাবে অংশ নিতে তারা প্রস্তুত থাকবে।

মুখপাত্রের ভাষ্য, ‘এইচএমএস ড্রাগনের পূর্বপ্রস্তুতি একটি বিচক্ষণ সামরিক পরিকল্পনার অংশ, যা নিশ্চিত করবে যে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক জোটের সদস্য হিসেবে ব্রিটেন হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় দ্রুত ভূমিকা রাখতে পারবে।’

বর্তমানে এইচএমএস ড্রাগন পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছিল এবং সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল। সেখান থেকেই যুদ্ধজাহাজটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে সামরিক প্রস্তুতি বৃদ্ধি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এখানে যেকোনো সংঘাত বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/