শিরোনাম

টাকার পাহাড়ে ঢাকা পড়েও গান চালিয়ে গেলেন গায়ক

বিনোদন ডেস্ক
টাকার পাহাড়ে ঢাকা পড়েও গান চালিয়ে গেলেন গায়ক
দায়রো ভজন ও লোকসঙ্গীত অনুষ্ঠানে গান গাইছেন গোপাল সাধু। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

ভারতের গুজরাটে জুনাগড় জেলার খাম্ভালিয়া গ্রামে আয়োজিত এক ঐতিহ্যবাহী দায়রো অনুষ্ঠানে অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন নেটিজেনরা। প্রখ্যাত ভজন শিল্পী গোপাল সাধুর সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ভক্তরা তার ওপর আক্ষরিক অর্থেই টাকার পাহাড় গড়ে তুলেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে।

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, বস্তা বস্তা টাকা শিল্পীর ওপর ঢালা হচ্ছে। তবে বিস্ময়কর বিষয় হলো, টাকার স্তূপের নিচে প্রায় আড়াল হয়ে গেলেও গোপাল সাধুর একাগ্রতায় কোনো চির ধরেনি। তিনি অত্যন্ত নির্বিকারভাবে হারমোনিয়াম বাজিয়ে তার ভজন পরিবেশনা চালিয়ে গেছেন। এক পর্যায়ে টাকার পরিমাণ ও উচ্চতা এতটাই বেড়ে যায় যে, গায়ককে সামনের দিক থেকে আর দেখাই যাচ্ছিল না।

এ চাঞ্চল্যকর দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে যেমন মুগ্ধতা তৈরি হয়েছে, তেমনি দানা বেঁধেছে বিতর্ক। কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, একেই বলে আসল ওয়ার্ক ফ্রম হোম, যেখানে শুধু বসে বসে সুরের বৃষ্টিতে ভেজা যায়। আবার কেউ শিল্পীর নিরাপত্তা ও শ্বাসকষ্টের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বড় একটি অংশ এ বিপুল অর্থের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আশা প্রকাশ করেছেন, এ সংগৃহীত অর্থ যেন আর্তমানবতার সেবায় ব্যয় করা হয়। উল্লেখ্য, গুজরাটে এ ধরনের টাকা বর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে ২০২৩ সালে ভালসাদে এবং ২০২২ সালে নাভসারিতে প্রখ্যাত শিল্পী কীর্তিদান গাধভির ওপরও একইভাবে কয়েক কোটি টাকার নোট বর্ষণ করা হয়েছিল। মূলত গুজরাটের লোকসঙ্গীতের এ দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে, ভক্তদের দেওয়া অর্থ পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়।

সূত্র: এনডিটিভি

/এমএকে/