শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে একমত যুক্তরাষ্ট্র-চীন

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে একমত যুক্তরাষ্ট্র-চীন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় সচল রাখার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীন একই অবস্থানে রয়েছে। তবে দুই দেশের আলোচনায় ঠিক কী বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, আলোচনায় দুটি বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে—প্রথমত, হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে এবং দ্বিতীয়ত, চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে।

তবে কূটনৈতিক সূত্র ও পর্যবেক্ষকদের মতে, চীন এখনো এ সংকটে সরাসরি গভীরভাবে জড়িয়ে পড়তে সতর্ক অবস্থান বজায় রেখেছে। যদিও হরমুজ প্রণালি বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় অর্ধেকই এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, প্রণালিতে অস্থিরতা দীর্ঘায়িত হলে তা চীনের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি নিয়ে বেইজিং উদ্বিগ্ন হলেও, এখন পর্যন্ত তারা প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে, হরমুজ প্রণালি সচল রাখা বা যুদ্ধ বন্ধের উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তার বিষয়ে চীনের কাছ থেকে তিনি নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন। ফলে সংকট নিরসনে দুই দেশের অবস্থান নীতিগতভাবে কাছাকাছি হলেও বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/