শিরোনাম

কারিনার সবশেষ শারীরিক অবস্থা জানালেন বাবা কায়সার হামিদ

সিটিজেন ডেস্ক
কারিনার সবশেষ শারীরিক অবস্থা জানালেন বাবা কায়সার হামিদ
কারিনা কায়সার ও কায়সার হামিদ। ছবি: সংগৃহীত

লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে সোমবার (১১ মে) রাতে। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুসের চিকিৎসা চলছে, এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।

কারিনার শারীরিক অবস্থা নিয়ে তার বাবা কায়সার হামিদ জানান, ‘আমার মেয়ের অনেক যত্ন নিচ্ছেন তারা। মেডিক্যাল বোর্ড গঠন করেছেন, আইসিইউতে সব সময় দুজন নার্স ডিউটিতে থাকেন, আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।’

কায়সার হামিদ আরও বলেন, ‘ফুসফুসের চিকিৎসা যেটা তারা শুরু করেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এরপর লিভারের চিকিৎসা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

এর আগে কারিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও জায়গা তৈরি করেন তিনি।

/টিই/