শিরোনাম

অবৈধ জুস তৈরির দায়ে কারখানা মালিকের কারাদণ্ড

পটুয়াখালী সংবাদদাতা
অবৈধ জুস তৈরির দায়ে কারখানা মালিকের কারাদণ্ড
পেভার মেশিন দিয়ে নকল জুসগুলো ধ্বংস করা হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিশুখাদ্য ‘ড্রিংকো জুস’ উৎপাদনের দায়ে মাসুদ সিকদার (৩৫) নামে এক কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুরে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

অভিযানকালে কারখানা থেকে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখে পেভার মেশিন দিয়ে জুসগুলো ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ সিকদার ‘কালার ফুল’ নামে একটি কোম্পানির নামে কারখানা স্থাপন করে ‘ড্রিংকো জুস’ নামের পণ্য দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন। তবে এসব পণ্যের কোনো বৈধ অনুমোদন ছিল না।

পরিবেশবিদদের মতে, এ ধরনের নকল কোমল পানীয় মানবদেহের হার্ট, লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এমআর/