শিরোনাম

পাকিস্তানের জরিমানা ও ৮ পয়েন্ট কাটা

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের জরিমানা ও ৮ পয়েন্ট কাটা
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। মিরপুর টেস্টে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি নির্ধারণ করেছেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারে পাকিস্তান দলের সবার ৪০ শতাংশ জরিমানা হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি বা জরিমানা করা হয়। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের ৮ মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন।

মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন।

গত মঙ্গলবার শেষ হওয়া মিরপুর টেস্টে পাকিস্তান ১০৪ রানে হারে। শনিবার (১৬ মে) সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

/টিই/